টাঙ্গাইল সদর থানায় সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল, মেহেদী হাসান আলিমসহ ২১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আবু নাসের আল আমিন পাপন জানান, গত ১৯ জানুয়ারি দুপুরে টাঙ্গাইল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের দাওয়াত দিতে গেলে শান্তিকুঞ্জ রোড এলাকার সিএনজি শ্রমিক অফিসের সামনে তাদের পথরোধ করা হয়।
এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ না করার জন্য চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়। এতে প্রতিবাদ করলে আসামিরা তাদের ওপর হামলা চালায়।
হামলায় সাব্বির আহম্মেদ সাদী, বিপ্লব আরেফিন খান, রেজভী আহম্মেদসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতদের চিকিৎসা ও আসামিদের পরিচয় সংগ্রহের কারণে মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


















