পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকায় পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার।
আহতরা হলেন— মো. নজরুল ইসলাম ফকির (৫৫), পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি; জাহিদ হোসেন (৩৮), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি; মো. নাহিদ হোসেন (১৮), ২নং ওয়ার্ডের বাসিন্দা; নাছির উদ্দীন ফকির (৫০) এবং নাইম হোসেন (২৮)।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে ডাকচিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আহতদের মধ্যে দুজন অচেতন ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জাহিদ হোসেন ও নাছির উদ্দীন ফকির অভিযোগ করেন, হামলায় নেতৃত্ব দেন পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু। এ সময় তার ছেলে রায়হান, ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনসহ ৮–১০ জন অংশ নেন। তাদের দাবি, বিএনপির রাজনীতি করার জের ধরেই এই হামলা চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে নাসির উদ্দীন টুকু বলেন, তিনি মারামারি থামাতে গিয়েছিলেন এবং নিজেও আহত হয়েছেন। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, আহতরা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















