রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে ছাত্রদলের এক নেতা। তিনি রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় পুলিশ পাহারায় অংশ নেন তিনি। আলাউদ্দিন পাটোয়ারী অস্ত্র মামলায় বর্তমানে কারাগারে আছেন। তার বাবার নাম শুকুর পাটোয়ারী।
জানা যায়, শনিবার দুপুরে আলাউদ্দিনের বাবা শুকুর পাটোয়ারী মারা যান। বাবার শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
পরে পুলিশ পাহারায় আলাউদ্দিন পাটোয়ারী বাবার জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে পুলিশ পাহারায় তাকে জানাজায় নেওয়া হয় এবং পরে পুনরায় কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে জার্মানিতে তৈরি একটি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে সদর থানায় অস্ত্র আইনে মামলা হলে তিনি সেই মামলায় জেলা কারাগারে আছেন।


















