বাংলাদেশ আওয়ামী লীগের পাবনা জেলা কার্যালয়ে জাতীয় পতাকা টানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে দলটির নেতাকর্মীরা কার্যালয়ে শেখ মুজিবুর রহমান–এর প্রতিকৃতি পুনঃস্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং পরে শহরে বিক্ষোভ মিছিল করেছেন।
জানা যায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ কয়েকজন নেতাকর্মী প্রায় ১৮ মাস ধরে বন্ধ থাকা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এর পরদিন শনিবার দুপুরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করে বলে জানা যায়। এর প্রতিবাদে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হন। সেখানে তারা ভেঙে ফেলা শেখ মুজিবুর রহমান–এর প্রতিকৃতি পুনঃস্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সেখান থেকে তারা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের নেতা সিফাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আলামিন মালিথাসহ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন এবং বিভিন্ন স্লোগান দেন। এরপর তারা সড়কে বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় দুটি টায়ারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে কিছু লোক সেখানে এসেছিল বলে শুনেছেন, তবে তারা মিছিল বা অন্য কোনো কর্মসূচি করেছে—এমন তথ্য পুলিশের কাছে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক রয়েছে।


















