টাঙ্গাইলে পৃথক দুটি অভিযানে ১৪৫ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার এবং একটি অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
প্রথম অভিযান: এলেঙ্গায় ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫টায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানা-র এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ‘জমজম’ নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারি—মোঃ আব্দুল লতিফ (৪৩) ও মহাঃ সনু আলী (৩৬), উভয়েই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা—কে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা তাদের কাছে অবৈধ ফেনসিডিল থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাসের বক্সে বিশেষ কৌশলে ফলের কার্টনের ভেতরে লুকানো অবস্থায় ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৪৭০ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
দ্বিতীয় অভিযান: অপহরণ মামলার ভিকটিম উদ্ধার
অপরদিকে, একটি অপহরণ মামলার সূত্র ধরে র্যাবের সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত মোঃ নাইম (১৯) বাদীর স্কুলপড়ুয়া মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টায় স্কুল থেকে ফেরার পথে তাকে জোরপূর্বক সিএনজিযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় কালিহাতী থানা-য় মামলা নং-২২, তারিখ ২০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
এরই প্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮টা ১০ মিনিটে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা-র ছয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের লক্ষ্যে তাদের টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।


















