সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসে করে মাদক পরিবহনের সময় ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে র্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় বগুড়া-ঢাকাগামী মহাসড়কে ‘হোটেল নিউ মায়ের আঁচল’ এর সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ওই মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৬৮)।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল হোসেন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করতেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে র্যাব-১২’র সদর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার উসমান গণি।


















