২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রশিক্ষণার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল জেলা কার্যালয়ে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সা’দাত কলেজ-এর ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর সৈয়দ মো. শরিফ ইস্পাহানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আবেদ আহাদ তালুকদার এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী।
আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে নবীন প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে অতিথিরা শিশুদের মানসিক ও শারীরিক সুস্থ বিকাশে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
প্রধান অতিথি প্রফেসর সৈয়দ মো. শরিফ ইস্পাহানী টাঙ্গাইল জেলার শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম দেশব্যাপী দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
সভাপতির বক্তব্যে খন্দকার নিপুণ হোসাইন বলেন, “অভিভাবকদের কাছে আমার একটাই অনুরোধ—আপনারা আপনাদের শিশুদের শিশু একাডেমিতে ভর্তি করান। শিশুদের মানসিক বিকাশে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। এখানে সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের গড়ে তোলা হয়।”
অনুষ্ঠানের শেষ পর্বে একক ও দলীয় নৃত্য, একক ও দলীয় কবিতা আবৃত্তি এবং একক ও দলীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও অভিভাবকরা।


















