সিরাজগঞ্জের তাড়াশে নির্বাচন পরবর্তী বিরোধে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ সাতজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০) ও রেহেনা খাতুন (২০) রয়েছেন। প্রথমে আহতদের তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে পাঁচজনকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের দিন সকালে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন গ্রামের কয়েকটি পরিবারকে নির্দিষ্টভাবে ভোট দিতে বলেন। তারা তা মানেননি এবং আরেক বিএনপি নেতা মো. নাসির উদ্দিনের সমর্থনে ভোট দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। শনিবার সকালে আমিন উদ্দিন ও তার অনুসারীরা কয়েকটি বাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে আমিন উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী বলেন, উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেননি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















