ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে এডভোকেট ফরহাদ ইকবালের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল হুবহু নকল করে একটি ভুয়া আইডি থেকে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হয়। ওই ভুয়া পোস্টে দাবি করা হয়, নেতাকর্মীদের ওপর নির্যাতন, লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব এবং প্রশাসনের ওপর আস্থাহীনতার কথা উল্লেখ করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বিষয়টি দ্রুত নজরে আসে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের। পরে তিনি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়ে জানান, এই ধরনের পোস্ট সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
নিজের পোস্টে তিনি বলেন, “আমার আইডির নাম ও ছবি ব্যবহার করে এডিট করা ভুয়া পোস্ট ছড়ানো হচ্ছে। এসব গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। সবাই সজাগ থাকুন এবং গুজব প্রতিহত করুন।”
তিনি আরও জানান, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন ও ভোটারদের বিভ্রান্ত করতে এই অপপ্রচার চালাচ্ছে।
এ ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছেন তিনি।
















