শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবরকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সদর আলী মাদবর কান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর রহমান মাদবর দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে ২০১২ সালে দলীয় প্রতীক নৌকার বিপক্ষে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দিয়ে সক্রিয়ভাবে দলীয় রাজনীতিতে যুক্ত হন।
প্রশাসন সূত্র জানায়, মজিবর রহমান মাদবরের কাছে অবৈধ অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার সঙ্গে থাকা রুমা আক্তার নামের এক নারীকে আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তলের কভার, পিস্তলের স্লাইড, অস্ত্র পরিষ্কারের ওয়েল ব্রাশসহ আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ এবং চাপাতি, ছুরিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ বলেন, অভিযানের সময় তার সঙ্গে থাকা এক নারীকে আটক করা হয়। পরে বসতঘর তল্লাশি করে আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ জানান, যৌথবাহিনীর অভিযানে সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক নারীর বিষয়ে তার পরিবার দাবি করেছে, তারা বিবাহিত—এ বিষয়টিও যাচাই-বাছাই করা হচ্ছে।
















