ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে ভোটারদের সচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান ও প্রচারণা চালানো হচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলা তথ্য অফিস, কুড়িগ্রামের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরের তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মোমেন।
জেলা সিনিয়র তথ্য অফিসার শাহজাহান আলী ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ ট্রাকটি জেলার চারটি সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ঘুরে ভোটারদের মধ্যে ভোটের গুরুত্ব, সুষ্ঠুভাবে ভোট প্রদান, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণে উদ্বুদ্ধ করছে।
বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।


















