যশোরের শার্শায় মাটির নিচে দুর্বৃত্তদের পুতে রাখা বোমার বিস্ফোরণে জাকির হোসেন ও আব্দুল কাদের নামে দুই মাটি কাটা শ্রমিক গুরুতর আহত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার পুটখালী ইউনিয়নের বালুন্ডা দক্ষিণ পাড়ার গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বালুন্ডা গ্রামের বাসিন্দা জাকির হোসেন ও আব্দুল কাদের তারা দুজনে পেশায় মাটি কাটা শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন ও আব্দুল কাদের একটি বাড়িতে পায়খানা ঘর নির্মাণেরন জন্য হাউজ কাটার কাজ করছিলেন। একপর্যায়ে কোদাল দিয়ে মাটি কোপ দিলে সেখানে পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তারা দুজনে গুরুতর আহত হন। পরে বোমা বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করেন। পরে আহতের স্বজনেরা তাদেরকে যশোর সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। আহত জাকির হোসেনের শরীরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে তারা দুজনে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার (ওসি) আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মাটির নিচে বোমাগুলো পুতে রেখেছিল। বোমাগুলো কে বা কারা সেখানে পুতে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে জাতীয় নির্বাচনের আগে বোমা বিস্ফোরণের ঘটনায় ঐ এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


















