নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আটক করা হয়। বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে।
শাহ জালালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। তার ভাই ইমরান মাহমুদ জানিয়েছেন, “পারিবারিক কাজে দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “প্রাথমিকভাবে গ্রেপ্তারের খবর পেয়েছি। ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।”
শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াচল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগ ও নরসিংদী সরকারি কলেজ শাখার যুগ্ম সম্পাদক ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


















