মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে টাঙ্গাইল শহরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘মায়ের ঘর ২০২৬’ কবিতা উৎসব।
শুক্রবার (৯ জানুয়ারি) টাঙ্গাইল জেলা শিশু একাডেমি মিলনায়তনে উৎসবটি অনুষ্ঠিত হয়।
উৎসবের উদ্বোধন করেন মাটির মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কবি মতিয়ারা মুক্তা। প্রখ্যাত গীতিকার ও সুরকার ফিরোজ আহমেদ বাচ্চু-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটির মা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি বাদল চৌধুরী।
দিনব্যাপী এ উৎসবে ছিল আনন্দ শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, পুথি পাঠ, নাচ, গান, আলোচনা সভা, সম্মাননা ও সনদ প্রদানসহ নানা সাংস্কৃতিক আয়োজন। জাতীয় আবৃত্তি শিল্পী আরিফ আহমেদ ও কবি শারীয় রত্না যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরপি-মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আরিফুর রহমান।
বক্তারা বলেন, কবিতা ও সংস্কৃতির চর্চার মাধ্যমে মানবিক ও সৃজনশীল সমাজ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবটি টাঙ্গাইলের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে তারা মন্তব্য করেন।


















