বাংলা ভয়েস ডেস্ক :
ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীররাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহতরা হলেন পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে মো. মিল্লাত হোসেন (২১) এবং গাছি মিয়ার ছেলে মো. লিটন (৩২)। আহত মো. আফছার (৩১) একই গ্রামের এয়ার আহম্মদের ছেলে।
বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, নিহত ও আহত তিন যুবক পরশুরাম উপজেলার গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩ এস সীমান্ত পিলার অতিক্রম করে কাঁটাতার ডিঙিয়ে ভারতে প্রবেশ করেন। তারা চোরাচালানপণ্য নিয়ে ফেরার সময় বিএসএফের ধাওয়ায় পড়েন। তখন তারা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র ছুড়ে মারলে বিএসএফ গুলি চালায়। এতে তিনজনই গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় মিল্লাত ও আফছার বাংলাদেশ সীমানায় ফিরে আসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে মিল্লাতের মৃত্যু হয়।
অন্যদিকে, লিটন ভারতীয় সীমানায় পড়ে ছিলেন। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়, যেখানে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
আহত আফছার বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বিজিবি জানায়, ভারতীয় চোরাচালান পণ্য আনতেই ওই তিন যুবক সীমান্ত অতিক্রম করেছিলেন। এলাকাবাসীও জানায়, গুথুমা সীমান্ত দীর্ঘদিন ধরে চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, বিশেষ করে মাদক ও ভারতীয় পণ্যের ক্ষেত্রে।
নিহত লিটনের মরদেহ ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক। তিনি আরও বলেন, “সীমান্তে গুলির ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদলিপি পাঠানো হবে।”


















