মোঃ সাজ্জাদ হোসেন হাকিম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর জেলহক ওরফে সোহাগ (২০) নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ক্ষুদ্র মনোহরা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ফুলজোর নদীর কচুরিপানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহাগ উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর গুচ্ছগ্রামের বাসিন্দা এবং আব্দুল লতিফের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, গত মঙ্গলবার রাতে সোহাগ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়ায় তার বাবা আব্দুল লতিফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার দুপুরে ক্ষুদ্র মনোহরা এলাকার কয়েকজন নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা সেটি সোহাগের লাশ বলে শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, সোহাগকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ওসি রাকিবুল আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ ও হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে।


















