মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
তিস্তা নদীর ভাঙনরোধে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত রূপরেখা আগামী অক্টোবরের মধ্যেই প্রস্তুত হবে।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তাপাড়ে চলমান জিও ব্যাগ ফেলার কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, “তিস্তা আমাদের নদী, এর ওপর আমাদের অধিকার আছে। জনগণের আশা–আকাঙ্ক্ষা আমরা গণশুনানির মাধ্যমে শুনেছি এবং তা মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তিনি জানান, ইতোমধ্যে ১৯ দশমিক ৫ কিলোমিটার অতিভাঙনপ্রবণ এলাকায় কাজ হয়েছে। নতুন করে কোথাও ভাঙন দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা আরও বলেন, “২০১৬ সালে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চুক্তি হলেও অগ্রগতি হয়নি। বর্তমান সরকারের মেয়াদে চীনের সঙ্গে আবার আলোচনা চলছে। পরিকল্পনার ব্যয় নির্ধারণের পর দুই দেশের মধ্যে অর্থনৈতিক আলোচনা হবে।”
পরিদর্শনকালে তাঁকে ফুলের চারাগাছ দিয়ে শুভেচ্ছা জানায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, ইউএনও আল ইমরান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মোজাহিদ।


















