মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের যাত্রাপুর সীমান্ত এলাকায় ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৩ জুলাই) কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধীন যাত্রাপুর বিওপি এলাকার ফারাজিপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন মোঃ মোখলেছুর রহমান ও বিপুল। তাদের কাছ থেকে ২৯ বোতল ভারতীয় মদ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিয়া ডাঙা বিওপির একটি টহলদল ফারাজিপাড়া এলাকায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে চিহ্নিত করে। প্রাথমিকভাবে তল্লাশির সময় তাদের কাছ থেকে ১ বোতল মদ পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি মদ উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে। এই চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।”
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।


















