বাংলা ভয়েস ডেস্ক :
কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর এক স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই সঙ্গে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান।
গ্রেপ্তার মূল অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফজর আলী (৩৬)। সে ওই একই গ্রামের শহিদ মিয়ার ছেলে। এছাড়া ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে আরও ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ২৬ জুন আনুমানিক রাত ৮ টার দিকে একই গ্রামের ওই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজনের হাতে আটক হন ফজর আলী। এরপর স্থানীয়রা তাকে মারধর করেন। পরে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোকজন তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
পরে এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
মামলার এজাহার থেকে জানা যায়, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন ভুক্তভোগী ওই নারী। গত বৃহস্পতিবার রাতে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় দরজা খুলতে অস্বীকৃতি জানান তিনি। একপর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ফেলেন এবং ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন।


















