মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ২টি বাস কাউন্টার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করেছে যৌথ বাহিনী।
আজ বুধবার (১১ জুন) বিকেলে উলিপুরের ঢাকাগামী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ও বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাপ্টেন খালিদ উপস্থিত ছিলেন। অভিযানে বাস কাউন্টারে ভাড়ার তালিকা না টানানোর দায়ে তৃষা পরিবহনের মালিককে নগদ ৫ হাজার ও মৌসুমী এন্টারপ্রাইজ-২ পরিবহনের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা সাংবাদিকদের বলেন, কয়েকটি কাউন্টারে আমরা সেনাবাহিনীসহ অভিযান পরিচালনা করেছি। যেসব কাউন্টারে অপরাধ সংঘটিত হয়েছে, সেখানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অর্থদণ্ড করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রামের ক্যাপ্টেন খালিদ জানান, ঈদ পরবর্তী ঢাকাগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে এবং হয়রানি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


















