নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের দেলদুয়ারে বহিরাগত মাদক ব্যবসায়ী যুবক রাজুর বিরুদ্ধে মাদক বিক্রি, নিরীহ মানুষের জমি দখল, মামলা বাণিজ্য এবং নারী নির্যাতনের অভিযোগ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন সিংহরাগী মধ্যপাড়া গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে স্থানীয় গ্রামবাসী।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা এলাসিন যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ শাকিল খান, সাবেক ইউপি সদস্য খন্দকার নুরুজ্জামান, স্থানীয় এলাকাবাসী খন্দকার আক্তার হোসেন, শুকুর আলী খান, সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ইয়াবা ব্যবসায়ী খন্দকার রাজু দীর্ঘদিন যাবত সিংহরাগী গ্রামে হিরোইন ও ইয়াবা ব্যবসা ব্যবসা পরিচালনা করে আসছে। এই মাদকে আসক্ত হয়ে আমাদের গ্রামের যুব সমাজ আজ ধ্বংসের পথে।
বক্তারা আরো জানান, মাদক ব্যবসায়ী রাজু’র বিরুদ্ধে যে কথা বলে সে তাদের উপর চড়াও হয়। তাদের কে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বিভিন্ন হয়রানি করছে। আর এই মামলা বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে সে। শুধু তাই নয়, এই রাজুর বিরুদ্ধে নিরীহ মানুষের জমি দখল, মামলা বাণিজ্য এবং নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।
মাদক ব্যবসায়ী রাজুর অত্যাচারে আজ গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। অবিলম্বে রাজুকে গ্রেফতার দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানান এলাকাবাসী। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে।


















