মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে বাড়ির পাশের ভুট্টা খেতের পাশ থেকে জান্নাতি খাতুন (১৫) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১০ মে) সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত জান্নাতি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে এবং কাগজীপাড়া উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে ভুট্টা খেতের ফাঁকা কৃষি জমিতে উপুড় হয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। নিহত জান্নাতির বড় বোন মোরশেদা জানান, গত রাত ৩টার দিকে বাড়ির সামনে খড়ের পালায় হঠাৎ করে আগুন লাগে। এ সময় বাড়ির লোকজন আগুন নেভাতে বের হলে জান্নাতিও বের হয়। এরপর তাকে আর পাওয়া যায়নি। তাদের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা খড়ের গাদায় আগুন দিয়ে জান্নাতিকে তুলে নিয়ে হত্যা করে লাশ ফেলে রেখেছে।
পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এটি ঘটিয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















