মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক পুশব্যাক করা ৩৬ জন রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ ৪৪ জন বাংলাদেশি- রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। তবে আটক ৩৬ জনের মধ্যে কতজন রোহিঙ্গা তা যাচাই-বাছাই চলছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ও জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক ও লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
আজ বুধবার (৭ মে) ভোরে জেলার ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জন রোহিঙ্গা এবং রৌমারী সীমান্তে ২২ জন রোহিঙ্গাসহ ৮ জন বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ পুশব্যাক করলে তদের আটক করা হয়। ভূরুঙ্গামারী সীমান্তে আটক ১৪ জন রোহিঙ্গা নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার কেন্দ্রীয় শাপলা চত্বরে ভ্যানগাড়িতে করে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এ সময় ২০ জন রোহিঙ্গাসহ ৭ জন বাংলাদেশিকে আটক করে।
সেখান থেকে পালানোর চেষ্টা কালে রৌমারী থানা পুলিশের হাতে আরও ২ জন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি আটক হয়। এর মধ্যে রোহিঙ্গা পুরুষ ১৪ জন, নারী ৬ জন, শিশু ২ জন এবং ৮ জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়।
এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাটের নতুন বাজার থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। এর মধ্যে রয়েছে, ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৮ জন শিশু-কিশোরী। পরে তাদের কুড়িগ্রাম ২২ বিজিবির সদস্যদের কাছে হস্তান্তর করেন তারা।
রৌমারীতে রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায ৮ নারী শিশুসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

















