মোবাশ্বের নেছারী,কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে অটো রিক্সার ধাক্কায় বাকপ্রতিবন্ধী এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই বৃদ্ধার নাম করিমন বেওয়া (৯০)।
সোমবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের কালাচান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (০৬ মে) সকালে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বাকপ্রতিবন্ধী ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে তিলাই ইউনিয়নের কুমারটারী এলাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ভিক্ষা করে জীবনযাপন করতেন।
প্রতিদিনের মতো সোমবার রাতে তিনি কালাচান মোড়ের উত্তরে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এলাকাবাসীর কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় একটি মামলা হয়েছে। ঘাতক অটো চালককে সনাক্তের চেষ্টা চলছে।


















