মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা :
মেহেদী মাখা হাত, বিয়ের সাজে লাল শাড়ি পরে ফুলশয্যা রাতেই স্বামীর মৃত্যু। এঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন নববধূ লাভনী আক্তার (২০)।
ফুলশয্যা রাতেই বরের মৃত্যুর বিষয়টি কোন ভাবেই মেনে নিতে পারছেন না নববধূ।
বাকরুদ্ধ নববধূ লাভনী আক্তার ফুলশয্যা রাতটি বরের নিথর দেহের পাশে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে তার জীবনের শ্রেষ্ঠতম রাতটি কাটিয়ে দেন।
আজ শুক্রবার (২মে) বিকালে বুকফাটা কান্না ও অশ্রু ভেজা চোখে মৃত স্বামীকে শেষ বিদায় জানালেন নববধূ লাভনী আক্তার। লাভনীর চিৎকারে এলাকার বাতাস ভারী হয়ে উঠে।
জানাযায়, পারিবারিক সম্মতিতে বৃহস্পতিবার (১মে) দুপুরে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভলী আক্তার (২০) এর সাথে একই উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামে মৃত আব্দুল লতিফের ছেলে খালেকুজ্জামান ডিউট এর সাথে শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে বৃহস্পতিবার সারাদিন দুই পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে আপ্যায়নসহ নানা আনন্দ ও উৎসব চলছিল।
বরের বাড়িতে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশিদের খাওয়া-দাওয়ার পর্ব শেষে রাত ১২ টার দিকে নববধূ মেহেদী মাখা হাত, পড়নে লাল শাড়ি পড়িয়ে বাসর (ফুলশয্যা) রাতে বিছানায় বসে বরের জন্য অপেক্ষা করছিল। বর খালেকুজ্জামান ডিউট বাড়িতে আত্মীয় স্বজনদের সঙ্গে কথা শেষে রাত ১২ টার দিকে বাসর ঘরে প্রবেশ করে নববধূর কাছে এক গ্লাস পানি চেয়ে মুহূর্তেই চিৎকার দিয়ে মেঝেতে পড়ে যান। পরে নববধূর আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে বর ডিউটকে ডাকা ডাকি করেও কোন সাড়াশব্দ নেই। বাড়ীর লোকজন নিশ্চিত হন হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
নববধুর চাচা সাবেক ইউপি সদস্য শাহ আলম জানান, জামাই খালেকুজ্জামান ডিউট প্রায় ১৮ বছর আগে প্রথম বিয়ে করেছেন। তার পূর্বের স্ত্রী জান্নাতি আক্তার মুক্তা। তার ঘরে ১ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ায় বৃহস্পতিবার আমার ভাতিজির সাথে বিয়ে সম্পন্ন হয়েছে। কে জানতো বিয়ের রাতেই আমার জামাইয়ের মৃত্যু হবে। অল্প বয়সে আমার ভাতিজি বিধবা হলেন।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া শোহেল প্রধান শিক্ষক খালেকুজ্জামান ডিউট এর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়তির ওপরে তো কারো হাত নেই। তবে এমন হৃদয় বিদারক ঘটনা খুবই কম দেখা যায়। বাসর রাতেই স্ত্রী বিধবা! খুবই কষ্টদায়ক ঘটনা।
আজ শুক্রবার বিকাল ৩ টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

















