নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীদের স্নাতক অথবা ডিগ্রি কোর্সের সমমানের স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সরকারি ও বেসরকারি নার্সিংয়ের শিক্ষার্থীরা।
আজ রোববার (২৭ এপ্রিল) সকালে ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সভাপতি সাকিব আল হাসান ও সাধারণ সম্পাদক মো. নাইম, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক লিমন হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ভর্তি হয়ে ৩ বছর পড়াশোনা ও ৬ মাস ইন্টার্নিশিপ শেষে আমরা যে সার্টিফিকেট পাই। তা এইচএসসি সমমান, যা খুবই হতাশাজনক। আমাদের দাবি ডিপ্লোমাকে ডিগ্রি পাসের সমমান করতে হবে।


















