মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন, কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান।
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের ‘নাশকতা বিরোধী’ বিশেষ অভিযানে (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি, পরিকল্পনায় জড়িত ও সহযোগীদের আটক করা হয়।
অভিযানে আওয়ামী লীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় সাতজন, রাজারহাট থানায় দুইজন, উলিপুর থানায় তিনজন, নাগেশ্বরী থানায় একজন, ফুলবাড়ী থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, চিলমারী থানায় দুইজন, রাজিবপুর থানায় দুইজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় দুইজন ও ঢুষমারা থানায় দুইজন সহ আওয়ামী লীগের বিভিন্ন পদধারি ৩১ জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
জেলা মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন, কুড়িগ্রাম জেলায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তায় পুলিশের নাশকতা বিরোধী বিশেষ এই অভিযান চলমান রয়েছে।


















