সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি সংবাদদাতা :
ঝালকাঠির কাঠালিয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ওয়ালিউর রহমান বিশ্বাস (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর আনুমানিক ১ টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিশ্বাস বাড়ীর ধানক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আবুল কাশেম ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে কালবৈশাখী ঝড় শুরু হলে ওয়ালিউর রহমান বিশ্বাস ওলি মাঠে থাকা গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে পরিবারের অনুরোধে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়টি নিশ্চিত করে আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. পনির হাওলাদার বলেন, বজ্রপাতের সময় মাঠে গরু আনতে গিয়ে মারা গেছেন ওয়ালিউর রহমান। সংবাদটি পুলিশকে জানানো হয়েছে।


















