মোঃ ইব্রাহিম খলিল, সাতক্ষীরা সংবাদদাতা :
আশাশুনি খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে সাতক্ষীরা জেলা পুলিশ ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন।
গত ৩১ মার্চ সকাল ০৯ টার সময় আশাশুনি বিছট খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনের কবলে পড়ে ৮ টি গ্রাম প্লাবিত হয়। এ সময় মৎস্য ঘের, কৃষি জমি সহ মানুষের ঘরবাড়ি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
সাতক্ষীরা থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সমাজসেবী সংগঠন সহ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এরই ধারাবাহিকতায় ০৯ এপ্রিল ২০২৫ তারিখ বুধবার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট ৭৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর পক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন। উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ৬ প্যাকেট খাবার স্যালাইন।
এর আগে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাথে প্রথমে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি উপস্থিত সকল নারী পুরুষকে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন।
আশাশুনি এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক কারবারি থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে অবহিত করার জন্য তিনি অনুরোধ করেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, যে কোন তথ্য প্রদান করার ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
এ সময় তিনি উপস্থিত সকলকে আশাশুনি থানার ওসি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ সাতক্ষীরা পুলিশ সুপার এর মোবাইল নম্বর ব্লাকবোর্ডে নিজ হাতে লিখে দেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উপহার সামগ্রী বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন সহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।


















