মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসলে নেমে নিখোঁজের ২৮ ঘণ্টা পর মাদ্রাসা শিক্ষার্থী সাজিম ইসলামের (১৩) মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার বিকেল ৫টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত সাজিম নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুর ১টার দিকে সাজিম ও তার তিন বন্ধু দুধকুমার নদে গোসল করতে যায়। গোসলের পর বন্ধুরা তীরে ফিরলেও সাজিম পানির স্রোতে ভেসে যায়। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে ব্যর্থ হয়। পরে আজ সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হলে বিকেল ৫টায় সাজিমের মরদেহ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


















