মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে প্রেমের প্রস্তাব অস্বীকার করায় স্কুল ছাত্রীকে জোরপূর্বক পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ বায়জিদ ইসলাম বিজু (২২) এক যুবকের বিরুদ্ধে।
অভিযূক্ত বায়জিদ চিলমারী উপজেলার পুটিমারি কাজলডাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই ছাত্রী ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন। এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, বায়জিদ ইসলাম বিজু তার বোনের শ্বশুর বাড়ি উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা এলাকায় থাকেন। বোনের প্রতিবেশী নবম শ্রেণির স্কুলছাত্রী (১৪) বিদ্যালয়ে যাওয়া-আসার সময় প্রায় দিন বায়জিদ তাকে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল।
এ ঘটনায় অতিষ্ট হয়ে ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি তার মাকে জানায়। পরবর্তীতে শিক্ষার্থীর মা ঘটনাটি বায়জিদের বোনকে জানায়। এতে সে আরও উচ্ছৃঙ্খল হয়ে উঠে।মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা বিজু তাকে প্রথমে মুখ চেপে ধরে এবং পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন।
এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বায়জিদ ততক্ষণে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে অসুস্থ অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, ওই স্কুল ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সুস্থ আছে।
তবে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ধর্ষণের ঘটনায় বায়জিদ ইসলাম বিজুকে প্রধান আসামি করে বুধবার থানায় অভিযোগ করেছেন শিক্ষার্থীর বাবা।
এ বিষয়ে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ পেয়েছি এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


















