মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রামে মধ্য রাতে কিশোরীকে বাগানে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ ধর্ষককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফ্রেব্রুয়ারি) জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারী গ্রামে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশিদ।আটক পাঁচজন হলো- ওই গ্রামের মইনুল হক (২২), হাসানুর রহমান (২০), চর বড়লই গ্রামের ইয়াকুব আলী (৩৫), লাল মিয়া (৪০) ও সোহেল রানা (২১)।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মঈনুল ওই কিশোরীকে একটি বাগানে ডেকে এনে চার সঙ্গী মিলে ধর্ষণ করেন। স্থানীয়রা পরে ওই কিশোরীকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, বুধবার দুপুরে থানায় একটি ধর্ষণ মামলা রেকর্ড হলে পৃথক অভিযানে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।


















