মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব দেশের জ্বালানি তেলে পড়েছে। নতুন সরবরাহ কমে যাওয়ায় মজুদ দিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে জ্বালানি খাতে চাপ সামাল দিতে সরকার বিভিন্ন সাশ্রয়মূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ভাবছে।
এর মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সাপ্তাহিক ছুটি বাড়ানো এবং অফিসের সময়সূচি পরিবর্তন বা ওয়ার্ক ফ্রম হোম কর্মসূচি চালুর সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন এবং সশরীরে ক্লাস সমন্বয় বিষয়টি আলোচনার বিষয়। মন্ত্রিসভা বৈঠকে এই বিষয়টি উপস্থাপন করা হবে।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১টি নির্দেশনা জারি করেছে। এর মধ্যে রয়েছে
- সকালে বাধ্যতামূলক ৪০ মিনিট অফিসে উপস্থিত থাকা
- বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়
- অফিসকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নির্দেশনা চিঠি পাঠিয়েছে অধীন দপ্তর-সংস্থা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে।


















