নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। এর ফলে রংপুর বিভাগের অন্তত আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।
আজ রোববার (২৯ মার্চ) সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। শ্রমিকদের এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে পেট্রল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা।
ঘটনার সূত্রপাত শনিবার রাতে। পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথে নীলফামারীর একটি রেলগেট এলাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারী গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্যাংকলরিটি দেখে সন্দেহ হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূইয়া তল্লাশি চালান।
তল্লাশিকালে একটি জেরিকেন থেকে ১৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক ও সহকারীসহ তিনজনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। তাদের দাবি, শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং দ্রুত এই শাস্তি প্রত্যাহার করতে হবে।


















