৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ বহু মানুষের প্রাণহানার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, কথায় কথায় সড়ক অবরোধ করা উচিত নয়। একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলতে হবে।
তিনি উল্লেখ করেন, তরুণদের হঠাৎ রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করা ঠিক নয়, এতে সবারই ক্ষতি হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।
জ্বালানি তেলের কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, কিছু ক্ষেত্রে পেট্রল পাম্প থেকে তেল সংগ্রহ করে সামান্য বেশি দামে বিক্রি করা হলেও এতে বড় ধরনের লাভ হয় না। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নৈতিকতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।


















