মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু করতে নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। এবার দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
বুধবার (২৫ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রে স্থাপিত ক্যামেরার রেকর্ড প্রতি সাত দিন পর সরাসরি বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা নিয়ন্ত্রককে ই-মেইল করতে হবে।
বিজ্ঞপ্তিতে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে এবং বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। শিক্ষাবোর্ডের এই উদ্যোগ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরীক্ষার নিশ্চয়তা দিচ্ছে এবং পরীক্ষায় নকল রোধে কার্যকর পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সিসিটিভি নজরদারি পরীক্ষার স্বচ্ছতা বাড়াবে এবং অনৈতিক প্রভাবকে প্রায় শূন্যে নামিয়ে আনবে।


















