কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা প্রতিষ্ঠান ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি হুমকি ও নিরাপত্তা শঙ্কার মধ্যে দেশ ছেড়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি বিদেশে পাড়ি জমান। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন তিনি। পরে ফেসবুকে একটি ছবি পোস্ট করে নবীন হাশেমি লেখেন, “সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব, ইনশাআল্লাহ।”
নবীন হাশেমির অভিযোগ, গত কয়েকদিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল। তাকে ব্যবসা-সংক্রান্ত ভিডিও মুছে ফেলতে বলা হয়, অন্যথায় তার অন্যান্য ব্যবসাও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
তিনি জানান, প্রবাস জীবন শেষে করোনাকালে দেশে ফিরে এই উদ্যোগ শুরু করেন। তার প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল কম দামে মানসম্মত পোশাক সরবরাহ করা এবং আয়-ব্যয় দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা। প্রতিষ্ঠানটিতে প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা ব্যক্তিরা কাজ করেন বলেও তিনি উল্লেখ করেন।
তার দাবি, সরবরাহকারীদের কাছ থেকে কম দামে পণ্য সংগ্রহ করতে পারায় তারা মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি-পাজামা বিক্রি করতে সক্ষম হন। তবে এতে ক্ষুব্ধ হয়ে আশপাশের কিছু ব্যবসায়ী সিন্ডিকেট, যার মধ্যে ‘প্রিন্স’ নামের একটি দোকানের মালিক মাইকেলও রয়েছেন, পুলিশকে সঙ্গে নিয়ে তাদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হয়রানি করে।
তিনি আরও অভিযোগ করেন, ওই মার্কেটে পাঞ্জাবি ৪ হাজার ৫০০ টাকার নিচে এবং পাজামা ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি না করার অলিখিত চাপ ছিল।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নবীন হাশেমি বলেন, নানা বাধা ও চাপের মধ্যে ব্যবসা পরিচালনা করলেও তারা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলেও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।


















