স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সরকার কাজ করছে।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এবং জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ গ্রহণ করা হবে।
মঙ্গলবার সকালে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। সংসদের জন্য গুরুত্বপূর্ণ এ কমিটি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব পেয়েছে।
কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে—তা যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে কমিটিতে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।


















