যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের ঘোষণা দিয়েছে। সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি হওয়াকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর। তাই অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণ সুবিধা গ্রহণ না করেন এবং দেশটির ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করেন, তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, যেসব দেশের নাগরিকদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি, বাংলাদেশসহ সেসব দেশের জন্যই এই সাময়িক স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।
এতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করবে, যাতে মার্কিন নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া যায়। তবে এই স্থগিতাদেশ শুধু অভিবাসী ভিসার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়; পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অন্যান্য ভিসার ক্ষেত্রেও এর প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।


















