ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও আলমগীর হোসেনকে রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে। ১৪ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।
আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল দাবি করেন, “আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজে জড়িত ছিলাম না।” এর আগে গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। জানা যায়, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সেখানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর তাদের ১৪ দিনের রিমান্ডে নেয় আদালত। রিমান্ড চলাকালে শারীরিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নেওয়া হলেও সেখানে কোনো প্রশ্নের উত্তর দেননি ফয়সাল।
এদিকে, এই দুই আসামিকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামের এক ব্যক্তিকে গত ১৩ মার্চ গ্রেপ্তার করে এসটিএফ। তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) আদালতে হাজির করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।


















