বিদায় নিল পবিত্র মাহে রমজান। দেশের আকাশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। এর মধ্য দিয়ে নিশ্চিত হলো আগামীকাল শনিবার (২১ মার্চ) সারাদেশে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রশাসন। এর পরই দেশে ঈদ উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা আসে।
এর আগে গত ১৮ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের তারিখ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। তবে ওইদিন চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয় এবং শুক্রবার (২০ মার্চ) সেখানে ঈদুল ফিতর উদযাপিত হয়।
বাংলাদেশে দীর্ঘদিনের প্রচলিত নিয়ম অনুযায়ী, সৌদি আরবে ঈদ হওয়ার পরদিন সাধারণত দেশে ঈদ পালিত হয়। সেই ধারাবাহিকতায়ও শনিবার (২১ মার্চ) সারাদেশে ঈদ উদযাপন নিশ্চিত হয়েছে।
অন্যদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের কয়েকটি গ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবারই (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
এক মাস সিয়াম সাধনার পর ঈদের খুশিতে এখন মুখরিত সারা দেশ।


















