বাংলাদেশের আকাশে শুক্রবার পর্যন্ত হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ কারণে এ বছর রোজা ৩০ দিন পূর্ণ হবে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মন্ত্রী জানান, দেশের সাতটি বিভাগীয় ও ৬৪টি জেলা কার্যালয় এবং আবহাওয়া অধিদফতরসহ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান (স্পারসো) থেকে তথ্য সংগ্রহ করা হলেও কোথাও চাঁদ দেখা যায়নি।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, স্পারসো, আবহাওয়া অধিদফতর ও অন্যান্য সংশ্লিষ্টদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে মন্ত্রী দেশবাসী ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।


















