প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আজ পর্যন্ত ৪ জন বাংলাদেশী শহীদ হয়েছেন। তিনি আরও, বাহরাইনে ১ জন, দুবাইয়ে ১ জন, সৌদি আরবে ২ জন সহ মোট চারজন নিহত হয়েছেন এই যুদ্ধে।
দুবাইয়ে নিহত আহমদ আলীর লাশ আজ (সোমবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণকালে সাংবাদিকদের ব্রিফিং এ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দুবাইয়ে নিহত বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আহমদ আলীর লাশ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের উপস্থিতিতে গ্রহণ করা হয়। লাশ গ্রহণকালে নিহতের স্বজনরাও উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আরো বলেন, যখন মধ্যপ্রাচ্যের এ সংকট শুরু হয়েছে ফ্লাইট যখন বন্ধ ছিল, এ সংকটের শুরু থেকেই যাত্রীদের থাকার ব্যবস্থা করাসহ তাদের সংকট নিরসনে সমন্বয় করে কাজ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছিলেন ।
তিনি আরও বলেন, আজকেও আমরা সৌদিতে নিহতদের পরিবারের সাথে কথা বলেছি। বাচ্চু মিয়ার পরিবার টাংগাইলের যিনি মারা গিয়েছেন তার পরিবারের সাথে কথা বলেছি।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে হতে তার পরিবারের প্রতি সহমর্মিতা এবং সহযোগিতা, সামগ্রিক আশ্বাস এবং তাদের পরিবারের লাশ যেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি সে বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। কিশোরগঞ্জের যিনি মারা গিয়েছেন তার পরিবারের সাথেও আমরা কথা বলেছি।
এছাড়া তিনি আরও বলেন, যারা আহত আছেন এ পর্যন্ত আমাদের কাছে যে সকল তথ্য আছে তাতে প্রায় ১৪ জনের মত আহত আছেন।তাদেরকে আমাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা আমাদের বাংলাদেশী প্রবাসী ভাইয়েরা যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে যেহেতু এখনকার এই সংকটের ক্ষেত্রে আমাদের কোন হাত নাই তাদের প্রতি আমাদের একটা নির্দেশনা বা পরামর্শ হচ্ছে যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যে স্থানগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে সেই সমস্ত এলাকাগুলো এড়িয়ে চলার জন্য। যখন সতর্কতার সাইরেনসহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিকনির্দেশনা দিচ্ছে সেগুলো মেনে চলার আহবান জানান তিনি।
একই সাথে আমরা একটা কথা বলব যে যেহেতু এই দেশগুলোর সাথে আমাদের দীর্ঘদিনের আর্থিক সম্পর্কসহ বাণিজ্যিক বিভিন্ন ধরনের সম্পর্ক আছে, কাজেই ওদের দেশের আইন বিরোধী কোন কনটেন্ট সোশ্যাল মিডিয়াতে না দেওয়ারও আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রেস ব্রিফিং এ বলেন, আসলে আমরা এখানে এসেছি খুবই হৃদয়বিদারক একটা অবস্থায়, বলার কিছুই নেই, আমরা সব সময় বলে এসেছি যে বাংলাদেশের কাছে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ আমাদের কর্মকর্তারা এবং নিহত আলী আহমেদের পরিবারের সদস্যরা আলী আহমদের লাশ তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নিয়ে যাবে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা আরও শুনেছেন গতকালকে রিয়াদে আরও দুজন নিহত হয়েছে এবং তাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি। তাদের লাশ কিভাবে শীঘ্রই দেশে ফিরিয়ে আনতে পারি সে কাজও আমরা করছি। আমরা এতোটুকুই বলতে পারি যে আজকে এখানে এসেছি বিমানবন্দরে এভাবে আসতে হবে সেটা আমরা কখনো চিন্তা করিনি। আমরা আশা করব যে আর যেন আমাদের মৃত্যু দেখতে না হয়। আশা করছি এ অবস্থার, এ যুদ্ধের অবসান ঘটবে।
প্রসঙ্গত, আহমেদ আলী (যিনি সালেহ আহমেদ নামে পরিচিত) এর মরদেহ আজ সকাল ৮.২০ মিনিটে এমিরেটস EK 582 নং ফ্লাইট যোগে ঢাকা পৌঁছে।
নিহতের লাশ প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট বিমান বন্দরে গ্রহণ করে সেখান থেকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গ্রামের বাড়িতে দাফনকার্য সম্পন্ন করবেন।
প্রেস ব্রিফিং এ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া-সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















