রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও তদন্ত শাখা–২-এর মহাপরিচালক মো. মোতাহার হোসেন।
শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের ফুটপাতে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তাকে মারধর করে আহত করে তার আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে মোতাহার হোসেন শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) এলাকায় ফুটপাতে হাঁটছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে।
একপর্যায়ে তাকে মারধর করে তার কাছে থাকা একটি আইফোন ৬ প্লাস, একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, নগদ ১৫ হাজার টাকা এবং হাতের দামি ঘড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মহাপরিচালকের পক্ষে আরেকজন সরকারি কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার বলেন, গত রাতে মোহাম্মদপুরে দুদকের মহাপরিচালক ছিনতাইয়ের শিকার হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুদকের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


















