ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার হয়েছেন। একই ঘটনায় অভিযুক্ত আরেক আসামি আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।
রোববার (৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যমেও এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়েছে, বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। পরে সরকারি উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
ঘটনার পরপরই বাংলাদেশজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশি তদন্তে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনসহ বেশ কয়েকজনের নাম সামনে আসে। তদন্তে আরও জানা যায়, হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ২৩ ডিসেম্বর আদালত সংশ্লিষ্ট ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন। একইসঙ্গে ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থ পাচার–সংক্রান্ত পৃথক অনুসন্ধানও শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স এই গ্রেপ্তারকে একটি বড় সাফল্য হিসেবে দেখছে।


















