ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। এ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই চালানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২ মার্চ) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আলী খামেনি নিহত হওয়ার খবর প্রকাশের এক দিন পর এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলায় তাকে হত্যা করা হয়েছে—এ খবর জেনে বাংলাদেশ সরকার গভীরভাবে মর্মাহত। এটি আন্তর্জাতিক আইন ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে সংঘাত কোনো সমাধান আনে না। বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলেই বিরোধের সমাধান সম্ভব। এর আগে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি বিবৃতি দেয়। সেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে তার নিন্দা জানানো হয়।
তবে ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। একই সঙ্গে ইরানে হামলার ঘটনাতেও কোনো নিন্দা জানানো হয়নি।
বিবৃতিটি প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতেই সোমবার নতুন করে আরেকটি বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


















