সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বিএনপি সরকারের প্রতি জনগণকে আস্থা রাখার আহ্বান জানান।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে উদার ভূমিকা পালন করছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ নেই। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।
দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রান্তিক কৃষকদের স্বস্তি দিতে যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিএনপি সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে। এতে কৃষকরা অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের জন্য সার, কীটনাশক, ওষুধসহ কৃষি উপকরণ সহজলভ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ে তুলতে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সমাজে পরিবর্তন আনতে সহায়ক হবে। এমন কোনো সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান, যাতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন সাবেক সভাপতি জাফর আহমেদ। এ সময় সাংবাদিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















