রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর প্রায় পৌনে ২টার দিকে এ কম্পন টের পান মানুষ।
ভূমিকম্প বিষয়ক অ্যাপ মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।
ভূমিকম্পে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় শক্ত ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে জানা গেছে। এ সময় আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ও মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসেন। জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


















