‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধন এনেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে প্রকাশিত গেজেট অনুযায়ী, আগের ঘোষণার তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’ মিলিয়ে মোট ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটে এ সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়। এর মাধ্যমে দ্বিতীয় দফায় গণভোটের ফলাফল সংশোধন করল ইসি।
সংশোধিত হিসাবে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি, যা আগের ঘোষণার তুলনায় কমেছে প্রায় ৯ লাখ ৭৪ হাজারের বেশি। অন্যদিকে ‘না’ ভোট কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি, যা কমেছে প্রায় ১ লাখ ১১ হাজারের বেশি।
নতুন গেজেট অনুযায়ী ‘হ্যাঁ’ ও ‘না’ মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি। এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি ভোট। বাতিল বাদ দিয়ে মোট বৈধ ভোটের সংখ্যা ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফল ১৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং সেদিন রাতেই প্রথম দফায় গেজেটে সামান্য সংশোধন আনা হয়েছিল।
তবে সর্বশেষ সংশোধনীতে একটি বিষয় লক্ষণীয়—মোট বৈধ ভোট কমলেও বাতিল ভোটের সংখ্যা আগের তুলনায় ১২ হাজার ৫৫৯টি বেড়েছে।
ইসি সংশোধনের নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই নতুন গেজেট প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, এই গণভোটের মাধ্যমেই ‘জুলাই জাতীয় সনদ’-এর সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।


















