জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি বলেন, জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির সমর্থকদের মধ্যে অনেকেই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি—তাদের নামও যাচাই করে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
এ সময় তালিকা প্রণয়নে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা বা বৈষম্য না করার বিষয়েও জোর দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।


















